বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাতারের আমিরের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই চিঠিটি কাতারের আমিরের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পার্শ্ববৈঠকে এই চিঠি হস্তান্তর করা হয়। শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠককালে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি। আলোচনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে কাতারি বিনিয়োগের পরিধি বাড়ানোর মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

