বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন আহমেদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত হুমায়ুন বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে। তিনি রতারগাঁও গ্রামের দক্ষিণপড়া জামে মসজিদে ইমামতি করতেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মসজিদের পাশের বাড়ির লোকজনের সাথে সুসম্পর্ক গড়ে ওঠার সুবাদে দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রীর সাথে হুমায়ুনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ২৪ মে রাতে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন হুমায়ুন এবং চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে ১৭ জুলাই দুপুরে আবারও তাকে ধর্ষণ করা হয়। সেসময় হুমায়ুন তাকে বিয়ে করার প্রলোভন দেখান এবং স্ত্রীকে তালাক দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে পরবর্তীতে চাপ প্রয়োগ করলে হুমায়ুন বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং ওই ছাত্রীকে নানাভাবে ভয়ভীতি দেখান। এই ঘটনার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী ছাত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই ছাত্রীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হুমায়ুন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্বম্ভরপুরের বাঘবের বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত