দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে সত্যি হলো। বিশ্বকাপ শুরুর দিনেই রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে তাদের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে। লস ব্লাঙ্কোরা এক বিবৃতিতে জানিয়েছে, ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচের সঙ্গে তারা তিন বছরের চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী, মরিনহো ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের ডাগআউটে থাকবেন।
ক্লাব সূত্রে জানা গেছে, আগামী ১৩ জুলাই থেকে রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করবে। সেদিন থেকেই হোসে মরিনহো আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব বুঝে নেবেন এবং দলের সঙ্গে কাজ শুরু করবেন।
গত জানুয়ারি মাসে জাবি আলোনসোর আকস্মিক বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদ তাদের ছন্দ হারিয়ে ফেলেছিল। ক্লাবের এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যেই সাবেক কোচ মরিনহোকে ফিরিয়ে আনছে রিয়াল।
সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে ২-০ গোলে হেরে তারা লা লিগার শিরোপা হাতছাড়া করে। এছাড়াও, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে সামগ্রিকভাবে ৬-৪ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার আগে মরিনহো গত সেপ্টেম্বরে বেনফিকার দায়িত্ব নিয়েছিলেন এবং দলটিকে পর্তুগিজ লিগে তৃতীয় স্থানে রেখেছিলেন। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিন বছর রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেছিলেন।
