জুলাইয়ের ১৮ দিনে ২২ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক

চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে দেশে মোট ১৭৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার বিবেচনায় দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ হাজার ১১২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসের প্রথম ১৮ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। একই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩০ লাখ ৩০ হাজার ডলার।

ব্যাংকভিত্তিক পারফরম্যান্সের দিক থেকে জুলাই মাসের প্রথম ১৮ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে এই সময়ে ২৬ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৪০ লাখ ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।