ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো এই সপ্তাহের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পর্তুগালের মাদেইরা দ্বীপে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের গুঞ্জন রয়েছে তার। তবে ব্যক্তিগত জীবনের এই ব্যস্ততার মাঝেও সম্প্রতি তার নজর কেড়েছে তার বহুমূল্য সুপারকার সংগ্রহ। বৃটিশ ট্যাবলয়েড পত্রিকার হিসাব অনুযায়ী, রোনালদোর গ্যারেজে থাকা গাড়িগুলোর মোট মূল্য প্রায় ১০ কোটি পাউন্ড। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা ইনস্টাগ্রামে নিজের বিলাসবহুল গ্যারেজের একটি বিরল ঝলক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘মাই টয়েস’ বা ‘আমার খেলনা’ এবং সঙ্গে একটি রকেট ইমোজি দিয়েছেন। পর্তুগালের প্রাসাদে মার্বেল পাথরে মোড়ানো তার এই গ্যারেজটি যেন ব্যাটম্যানের ব্রুস ওয়েনের বিখ্যাত ‘ব্যাটকেভ’-কেও হার মানায়।
রোনালদোর সংগ্রহের সবচেয়ে আকর্ষণীয় গাড়িটি হলো অত্যন্ত বিরল ‘বুগাত্তি সেন্টোদিয়েচি’, যার মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ পাউন্ড। বিশ্বে মাত্র ১০টি তৈরি হওয়া এই হাইপারকারের পাশাপাশি তার সংগ্রহে রয়েছে ৫০ লাখ পাউন্ডের বুগাত্তি শিরন এবং ২৫ লাখ পাউন্ডের বুগাত্তি ভেরন গ্র্যান্ড স্পোর্ট ভিতেস। এছাড়া ফেরারি ব্র্যান্ডের প্রতিও তার বিশেষ দুর্বলতা রয়েছে। তার সংগ্রহে থাকা ফেরারি এসপি৩ ডেটোনা (৬০ লাখ পাউন্ড), ফেরারি মোনজা এসপি১ (৫০ লাখ পাউন্ড), ফেরারি পুরোসাংগুয়ে এসইউভি (৫ লাখ পাউন্ড), এবং ফেরারি ৫৯৯ জিটিও (১০ লাখ পাউন্ড) অন্যতম।
প্রযুক্তির দিক থেকে পিছিয়ে নেই রোনালদোর গ্যারেজ। সেখানে রয়েছে ফর্মুলা-১ প্রযুক্তির ইঞ্জিন সমৃদ্ধ মার্সিডিজ-এএমজি ওয়ান (২৪ লাখ পাউন্ড), তিন আসনের ম্যাকলারেন স্পিডটেইল (২৫ লাখ পাউন্ড) এবং ম্যাকলারেন সেনা (১২ লাখ পাউন্ড)। এছাড়া বুগাত্তি টুরবিয়োঁ (৩২ লাখ পাউন্ড), ল্যাম্বরগিনি অ্যাভেন্তাদর (২ লাখ ৭০ হাজার পাউন্ড), বেন্টলি ফ্লাইং স্পার (২ লাখ ৫০ হাজার পাউন্ড) এবং মার্সিডিজ জি-ওয়াগন ব্রাবাস (৬ লাখ পাউন্ড) তার সংগ্রহের অবিচ্ছেদ্য অংশ। ২০২৪ সালে আল-নাসর ক্লাব থেকে উপহার পাওয়া বিএমডব্লিউ এক্সএম এসইউভি-ও রয়েছে তার তালিকায়।
রোনালদো স্বীকার করেছেন, তিনি এখন অনেক গাড়িই সংগ্রহের উদ্দেশ্যে কেনেন, অনেকটা দামি চিত্রকর্মের মতো। পিয়ার্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি নিজে খুব কম গাড়ি চালান। তিনি বলেন, ‘আমি জানি না আমার মোট কতটি গাড়ি আছে, তবে বাজি ধরে বলতে পারি ৪০ বা ৪১টি হবে।’ তার হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজও তাকে বিভিন্ন সময় গাড়ি উপহার দিয়েছেন, যার মধ্যে রয়েছে ২০২০ সালের জন্মদিনে পাওয়া মার্সিডিজ জি-ওয়াগন ব্রাবাস এবং ২০২২ সালের বড়দিনের রোলস-রয়েস ডন। রোনালদো জানিয়েছেন, গাড়িগুলো তার কাছে এখন নেশার চেয়েও বেশি বিনিয়োগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
সংগ্রহের সবচেয়ে মূল্যবান গাড়ি: রোনালদোর সংগ্রহের সেরা আকর্ষণ হলো অত্যন্ত বিরল বুগাত্তি সেন্টোদিয়েচি। এর মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ পাউন্ড। বিশ্বে মাত্র ১০টি সেন্টোদিয়েচি তৈরি হয়েছে। ১৬০০ হর্সপাওয়ারের এই হাইপারকারের পাশেই রয়েছে তার ৫০ লাখ পাউন্ডের বুগাত্তি শিরন এবং ২৫ লাখ পাউন্ডের বুগাত্তি ভেরন গ্র্যান্ড স্পোর্ট ভিতেস।

