নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার নির্ধারিত সফরের দুই দিন আগেই আগামীকাল শুক্রবার দুপুরে দেশে ফিরছেন। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন তিনি। সফরসূচি অনুযায়ী তার ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সেই সময় এগিয়ে আনা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, স্পিকার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামীকাল দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের দ্রুত দেশে ফেরার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

সংবিধানের সংশ্লিষ্ট ধারায় উল্লেখ আছে, রাষ্ট্রপতির অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে স্পিকার সেই দায়িত্ব পালন করবেন। এছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান রয়েছে। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত প্রশ্নের জবাবে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, শুক্রবার পর্যন্ত অপেক্ষা করুন।

কন্টেন্ট: সংগৃহীত