টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা অমান্য করায় ছয় হাউজবোটকে জরিমানা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশ করায় ছয়টি হাউজবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে হাওরের ইসিএভুক্ত এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউজবোট প্রবেশ নিষিদ্ধসহ ১১ দফার একটি নির্দেশনা জারি করেছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে মঙ্গলবার অধিকাংশ হাউজবোট ইসিএভুক্ত এলাকায় প্রবেশ করে। এই ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান হাওরে অভিযান চালিয়ে ওই ছয়টি হাউজবোটকে জরিমানা করেন।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক জানিয়েছেন, জেলা প্রশাসনের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নির্দেশনা অমান্য করার অপরাধে এই জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত