টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও পর্যটক নিরাপত্তায় ১১ জরুরি নির্দেশনা

সুনামগঞ্জের রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন। শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাওরের প্রতিবেশগত ভারসাম্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে 'টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫'-এর আলোকে এই ১১ দফা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) সীমানার ভেতর সকল ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযান প্রবেশ এবং চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, হাওরে চলাচলকারী সকল নৌযানের মালিক ও পরিচালনাকারীদের আগামী ১০ আগস্টের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে বা অনুমতি না থাকলে কোনো নৌযান পরিচালনা করা যাবে না। নিবন্ধন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সুনামগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় হাউসবোটের জন্য বেশ কিছু কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। হাউসবোটে উচ্চস্বরে গান-বাজনা, মাইক ব্যবহার বা পার্টির আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং নৌযানে পানি বিশুদ্ধকারী ফিল্টার, সেপটিক ট্যাংক ও অন্তত দুটি ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, প্রতিটি নৌযানকে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং জলাশয়ে কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না।

নৌযানের নিরাপত্তার বিষয়ে বলা হয়েছে, হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং এবং অগ্নি-নির্বাপক যন্ত্র রাখা বাধ্যতামূলক। গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। পর্যটকদের আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং ট্যুর শুরুর আগেই পর্যটকদের তা অবহিত করতে হবে। এছাড়া, জরুরি যোগাযোগের জন্য জেলা/উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতালের নম্বর দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং আকস্মিক ঝড়, প্রবল বৃষ্টিপাত বা বজ্রপাতের আশঙ্কাকালীন সময়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানিয়েছেন, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং হাওরের সার্বিক সুরক্ষায় তদারকি জোরদার থাকবে।

আজ রোববার রাত ৮টায় গণবিজ্ঞপ্তিটি জেলা প্রশাসন, সুনামগঞ্জ-এর ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

আবেদন সংক্রান্ত বিষয়ে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সুনামগঞ্জ (মোবাইল ০১৭৩০-৩৩১১০৬) এর সাথে যোগাযোগ করা যাবে।হাউসবোটে উচ্চস্বরে গান-বাজনা, মাইক বাজানো বা পার্টির আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ।

কন্টেন্ট: সংগৃহীত