মাদারীপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে মানবপাচার চক্রের তিন শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এই মানবপাচার চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।
মঙ্গলবার (৪ আগস্ট) মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে গত সোমবার (৩ আগস্ট) সদর উপজেলার শ্রীনদী ও বাহাদুরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেছে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে গঠিত একটি বিশেষ পুলিশ দল। অভিযানে এসআই সালমান রহমান, এসআই সুমন খান ও এসআই রায়হান কবির নাঈমসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন। পুরো কার্যক্রমটি পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সার্বিক নির্দেশনায় পরিচালিত হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা রবিউল মুন্সী (৩২), পিতা আব্দুল জব্বার মুন্সী, সাং- বাহের চর শ্রীনদী; মিন্টু হাওলাদার (৪৭), পিতা মৃত মিনাজ উদ্দিন হাওলাদার, সাং- চর ঘুন্সী; এবং সোহরাব চৌকিদার (৬০), পিতা মৃত কিনাই চৌকিদার, সাং- পশ্চিম বাহাদুরপুর।
পুলিশ জানায়, চক্রটির গতিবিধি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারিতে ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানবপাচার-সংক্রান্ত আইনে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবপাচার একটি গুরুতর ও সংঘবদ্ধ অপরাধ। এই অপরাধ নির্মূলে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা, সন্ত্রাস, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখেছে পুলিশ এবং এই অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে যেকোনো ধরনের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

