টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক পরিবারে বইছে আনন্দের জোয়ার। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ওই এলাকার যমজ তিন ভাই-বোন। তারা তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, যা তাদের পরিবার, শিক্ষক এবং সহপাঠীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে।
বৃত্তি পাওয়া এই তিন মেধাবী শিক্ষার্থী হলো ফাতেমা আক্তার শেমী, আনাস আল মামুন এবং আরাফাত আল মামুন। তাদের বয়স ১২ বছর। তারা সখীপুর পৌরসভার উত্তরা মোড় এলাকার বাসিন্দা মো. শামীম ও আর্জিনা আক্তার দম্পতির সন্তান। তাদের মা আর্জিনা আক্তার উপজেলার ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক।
এই যমজ তিন ভাই-বোন বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
সন্তানদের এই সাফল্যে গর্বিত মা আর্জিনা আক্তার জানান, এই অর্জনের পেছনে স্কুলের শিক্ষকদের অবদান অনেক। তিনি আরও বলেন, আমার স্বামী বিদেশে থাকলেও নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেন এবং তাদের উৎসাহ দিয়ে যান। আমার ছেলে-মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করুক—সবার কাছে সেই দোয়া চাই।
বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, যমজ তিন ভাই-বোনই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

