গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে মিথানল পানে দুই যুবকের মৃত্যু

গাজীপুরের কোনাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল ভেবে মিথানল পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সজিব (২২) এবং একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে রনি মিয়া (২০) মারা যান।

নিহত সজিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জুনিয়ার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি কোনাবাড়ী থানার বাইমাইল কাদের মার্কেট এলাকায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। রনি মিয়া একই উপজেলার মোস্তফা ইসলামের ছেলে। তিনি ওই একই এলাকায় ভাড়া থেকে আশুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন।

স্থানীয়দের ভাষ্যমতে, গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বিয়াই সাগর তাদের অ্যালকোহল বলে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করতে শুরু করেন এবং স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাদের কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রনি মিয়ার নানি রেজিয়া খাতুন বলেন, রনি আমার সঙ্গে থেকে পড়াশোনা করত। আমি ভিক্ষাবৃত্তি করে তার লেখাপড়ার খরচ চালাতাম। সে কোনো ধরনের নেশা করত না। তাকে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মিথানল বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানিয়েছেন, শাহবাগ থানা থেকে সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর অনানুষ্ঠানিকভাবে রনি মিয়ার মৃত্যুর খবরও পান তারা। ঘটনার পর থেকে অভিযুক্ত কাঁচামাল ব্যবসায়ী সাগর পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কন্টেন্ট: সংগৃহীত