নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মর্মান্তিক এক দুর্ঘটনায় রিফাত (২০) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গন্দিরগাঁও গ্রামের সেকুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি চক্র দীর্ঘদিন ধরে মহাদেও নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বুধবার সকালে বালু তোলার সময় পাশাপাশি থাকা দুটি নৌকার মাঝে চাপা পড়ে রিফাত গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সম্প্রতি বেশ কয়েকজনকে সাজা প্রদান ও একাধিক নৌকা জব্দ করা হয়েছে। নদী ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

