ফুটবল বিশ্বকাপের টিকেটের দামে বড় ধস

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শুরুর আগেই টিকেটের বাজারে বড় ধরনের ধস নেমেছে। সবচেয়ে বেশি দাম কমেছে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটির। মাত্র কয়েক দিনের ব্যবধানে এই ম্যাচের টিকেটের দাম ৩০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। যদিও শেষ মুহূর্তে কিছুটা চাহিদা বাড়ায় ফিফা টিকেটের দামের বড় ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করেছে।

টিকেটের মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টিকেটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, সিয়াটলে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকেটের মূল্য গত ১ জুন প্রায় ৪ হাজার ডলারে পৌঁছেছিল। তবে কয়েক দিনের ব্যবধানে তা ১ হাজার ৫৪৯ ডলারে নেমে আসে। পরবর্তীতে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ষোলো নিশ্চিত করলে টিকেটের দাম কিছুটা বৃদ্ধি পায়।

মূল্য অনেক কমলেও শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে টিকেটের দামের তালিকায় যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই তালিকায় সবচেয়ে বেশি দাম মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের, যেখানে সর্বনিম্ন টিকেটের মূল্য ৩ হাজার ৫৭৪ ডলার।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের টিকেটের দামে এত বড় পতন কিছুটা অপ্রত্যাশিত ছিল। কারণ বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটলের খুব কাছেই অবস্থিত এবং এটি সিয়াটলে দলটির তৃতীয় ম্যাচ হওয়ার কারণে দর্শক উপস্থিতি বেশি হওয়ার সম্ভাবনা ছিল।

গ্রুপ পর্বের তুলনায় শেষ ষোলোতে দর্শকদের আগ্রহ কিছুটা কম থাকায় ফিফা টিকেটের চড়া দাম পাচ্ছে না। বর্তমানে আর্জেন্টিনা-মিশর ম্যাচের সর্বনিম্ন টিকেটের মূল্য ১ হাজার ৫৯৯ ডলার, ব্রাজিল-নরওয়ে ম্যাচের টিকেট ১ হাজার ৫৩৭ ডলার এবং পর্তুগাল-স্পেন ম্যাচের টিকেট ১ হাজার ৩৬৭ ডলার থেকে শুরু হচ্ছে। এদিকে শনিবার মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে কানাডা বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায়, সেই ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্যও শেষ ৭২ ঘণ্টায় ১৪ শতাংশ কমেছে।