অভিনেত্রী হতে চেয়েছিলেন সামিনা চৌধুরী

জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ তার যাত্রার অর্ধশতক পূর্ণ করছে। গত বছরের ২রা আগস্ট মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ যাত্রা শুরু করা এই পডকাস্টের গ্রন্থনা ও সঞ্চালনা করছেন রুম্মান রশীদ খান। তিনি জানান, আগামী শনিবার রাত ৯টায় পডকাস্টটির ৫০তম পর্ব প্রচার হবে। এই বিশেষ পর্বে অতিথি হিসেবে থাকছেন অসংখ্য কালজয়ী গানের শিল্পী সামিনা চৌধুরী। কাকতালীয়ভাবে এ বছর সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করছেন তিনি। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-তে দেশের গান গেয়ে প্রথম পুরস্কার পেয়েছিলেন এ শিল্পী।

ক্যারিয়ারের অজানা গল্প

পডকাস্টে সামিনা চৌধুরী জানান, তিনি ছোটবেলা থেকে গায়িকা নন, বরং ফেরদৌসী মজুমদারের মতো শক্তিশালী অভিনেত্রী হতে চেয়েছিলেন। এছাড়া তার গাওয়া কালজয়ী দু’টি গান ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ ও ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ একই দিনে রেকর্ড করার স্মৃতিচারণ করেন তিনি। ক্যারিয়ারের প্রথম প্লেব্যাক ছিল ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমায়। সেই সিনেমার ‘একবার যদি কেউ ভালোবাসতো’ গানের জন্য প্রথমবারের মতো শ্রেষ্ঠ শিল্পী হিসেবে বাচসাস পুরস্কার পান তিনি। একই অনুষ্ঠানে ‘নয়নের আলো’ সিনেমার ‘আমার বুকের মধ্যিখানে’ গানের জন্যও পুরস্কৃত হন। সে সময় এত মানুষের সামনে গান করতে গিয়ে টেনশনে মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তিনি। জেড আই ফয়সালের প্রযোজনায় এই বিশেষ পর্বে আরও অনেক অজানা কথা জানিয়েছেন এই শিল্পী।