অস্ট্রেলিয়া সফরের জন্য নিউজিল্যান্ড দলে ফিরলেন চার ক্রিকেটার

আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল তাদের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে। তিন ম্যাচের এই সিরিজের জন্য দলে ফিরেছেন ইডেন কারসন, মলি পেনফোল্ড, হান্না রো এবং বেলা জেমস। সম্প্রতি সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়া এই চার ক্রিকেটার এবার আবারো জাতীয় দলের জার্সিতে ফিরছেন। কনুইয়ের অস্ত্রোপচারের কারণে গত ডিসেম্বর থেকে মাঠের বাইরে থাকা অফ-স্পিনার কারসন দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে দলে ফিরেছেন। ৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কারসন বলেন, ‘হোয়াইট ফার্নস দলে ফিরতে পারাটা খুবই বিশেষ অনুভূতির। পুনর্বাসন প্রক্রিয়াটি বেশ ধৈর্যের ছিল, তবে আমি সবার কাছ থেকে অসাধারণ সমর্থন পেয়েছি এবং আবারো দলের হয়ে অবদান রাখতে মুখিয়ে আছি।’

নিউজিল্যান্ডের পেস আক্রমণকে শক্তিশালী করতে দলে জায়গা পেয়েছেন পেনফোল্ড ও রো। সোফি ডিভাইন ও লি তাহুহু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তাদের অভাব পূরণে এই দুই পেসারকে গুরুত্ব দিচ্ছে বোর্ড। এছাড়া সুজি বেটসের অনুপস্থিতিতে ব্যাটিং লাইনে যোগ করা হয়েছে বেলা জেমসকে। হান্না রো এবং বেলা জেমস নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় সময় কাটিয়েছেন, অন্যদিকে মলি পেনফোল্ড অস্ট্রেলিয়ার কেএফসি টি-টোয়েন্টি ম্যাক্স প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ইনজুরির কারণে দলের বাইরে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার ইজি গেজ। আঙুলের অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকা গেজের পরিবর্তে কিপিংয়ের দায়িত্ব পালন করবেন পলি ইংলিস, যিনি ২০২৭ সালের শুরুর দিকে আবারো ক্রিকেটে ফেরার লক্ষ্য নির্ধারণ করেছেন।

বেন সোয়ারের বিদায়ের পর নিউজিল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ডিন ব্রাউনলি, যিনি গত চার বছর ধরে ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। নতুন দায়িত্ব নিয়ে ব্রাউনলি বলেন, ‘ইডেন, হান্না, মলি এবং বেলাকে ফেরাতে পেরে আমরা আনন্দিত। এই স্কোয়াডে অভিজ্ঞতা ও ভবিষ্যতের সমন্বয় রয়েছে, যা আমাদের দলের জন্য একটি ভালো পরীক্ষা হবে। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং, তবে এটি খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির দারুণ সুযোগ করে দেবে।’ আগামী সপ্তাহে দলের পূর্ণাঙ্গ কোচিং স্টাফের নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

এই সফরটি নিউজিল্যান্ডের ২০২৬-২৭ মৌসুমের প্রথম আন্তর্জাতিক মিশন। মূলত ভারতে অনুষ্ঠিতব্য ২০২৭ আইসিসি নারী চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজটিকে দেখছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: অ্যামেলিয়া কের (অধিনায়ক), ইডেন কারসন, ফ্লোরা ডেভনশায়ার, ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, ব্রি ইলিং, পলি ইংলিস, বেলা জেমস, জেস কের, রোজমেরি মেয়ার, নেনসি প্যাটেল, মলি পেনফোল্ড, জর্জিয়া প্লিমার, হান্না রো ও ইজি শার্প।