৪৬ বছর বয়সের পরও ফর্মুলা ওয়ানে থাকছেন ফার্নান্দো আলোনসো

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফার্নান্দো আলোনসো অ্যাস্টন মার্টিনের সঙ্গে নিজের চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে নিয়েছেন। এই চুক্তির ফলে ৪৬ বছর পার হওয়ার পরও তাকে রেসিং ট্র্যাকে দেখা যাবে। দলটির মালিক লরেন্স স্ট্রোলের সঙ্গে মাত্র পাঁচ মিনিটের একটি আলোচনার মাধ্যমেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি চূড়ান্ত হয়।

চলতি বছরের জুলাই মাসে ৪৫ বছরে পা দেওয়া আলোনসো ২০২৭ সালের জন্য অ্যাস্টন মার্টিনের হয়ে রেসিং চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। এই মৌসুমেও তার সতীর্থ হিসেবে থাকছেন ল্যান্স স্ট্রোল। ২০০১ সালে অভিষেকের পর থেকে রেকর্ড ৪৪০টি রেসে অংশ নেওয়া আলোনসো ২০০৫ ও ২০০৬ সালে রেনোর হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি বর্তমানে ফর্মুলা ওয়ান ইতিহাসের সবচেয়ে বয়স্ক সক্রিয় চালক।

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে আলোনসো বলেন, লরেন্সের সঙ্গে বসাটা খুব সহজ ছিল এবং আমাদের খুব বেশি আলোচনার প্রয়োজন হয়নি। আমরা দুজনেই এই যাত্রা চালিয়ে যেতে চেয়েছিলাম, তাই পাঁচ মিনিটেই সব ঠিক হয়ে যায়। যদিও তিনি স্বীকার করেছেন যে, ২০২৭ সালটি যে আরও আনন্দদায়ক হবে তার কোনো গ্যারান্টি নেই।

সিলভারস্টোন-ভিত্তিক অ্যাস্টন মার্টিনের জন্য এবারের মৌসুমটি বেশ চ্যালেঞ্জিং। বর্তমানে দলটি ১৫ রাউন্ড শেষে মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে, যার সবকটিই আলোনসোর অবদান। মোট ১১টি দলের মধ্যে তাদের অবস্থান ১০ম। তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও আলোনসোর ভেতরের তাগিদ এতটুকু কমেনি।

তিনি জানান, রেস না থাকলে বাড়িতে বসে টিভি দেখার চেয়ে রেসিং ট্র্যাকে থাকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। টেলিভিশনে খেলা দেখার সময় তার মনে হয় যে, অন্যদের চেয়ে তিনি ভালো কিছু করতে পারবেন। এমন উপলব্ধিই তাকে খেলা চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাচ্ছে।

দীর্ঘ ক্যারিয়ারের পেছনে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দুই বছরের বিরতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন আলোনসো। তিনি বলেন, আমার মন সতেজ করতে বিরতি নেওয়াটা জরুরি ছিল। ওই সময়টায় তিনি ভিন্ন ভিন্ন সিরিজ, প্রোটোটাইপ এবং ইন্ডি রেসিংয়ের মতো নতুন সব ফর্ম নিয়ে কাজ করেছেন, যা তাকে আরও দক্ষ চালক হিসেবে গড়ে তুলেছে।

নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ভি১০, ভি৮, ভি৬ ইঞ্জিন, বিভিন্ন ধরনের টায়ার, কেআরএস, হাইব্রিড সিস্টেম এবং গ্রাউন্ড এফেক্টের মতো প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়াই তার শক্তির উৎস। যেকোনো নতুন পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তিনি ক্যারিয়ারজুড়ে কাজে লাগিয়েছেন।

পারিবারিক জীবনের বিষয়ে কথা বলতে গিয়ে আলোনসো হাসিমুখে জানান, সঙ্গী মেলিসা হিমেনেজ বর্তমানে তার স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত, বিশেষ করে যখন দলের পারফরম্যান্স ভালো থাকে না। তিনি রসিকতা করে বলেন, যখন ফলাফল ভালো হয় না, তখন মেলিসা সম্ভবত চায় আমি রেসিং থেকে দূরে থাকি।