আইএলটি২০ নিলাম: তালিকায় বাবর-সালভসহ ৪০০ ক্রিকেটার

আগামী ১ অক্টোবর দুবাইয়ের আইসিসি একাডেমি ইনডোরসে আন্তর্জাতিক লিগ টি২০ (আইএলটি২০) মৌসুমের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টের পঞ্চম আসরকে সামনে রেখে ৪০০ জনেরও বেশি ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। এই তালিকায় বাবর আজম, ফিল সল্ট, টম ব্যান্টন, রহমানুল্লাহ গুরবাজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আলজারি জোসেফ, ফাফ ডু প্লেসি এবং লিয়াম লিভিংস্টোনের মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন।

নিলামের জন্য ২৩টি দেশ থেকে প্রায় ২০০ খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। এর মধ্যে ১১টি আইসিসি ফুল মেম্বার দেশের পাশাপাশি কুয়েত ও সৌদি আরবের খেলোয়াড়রাও রয়েছেন। পাকিস্তানের ১৭ জন খেলোয়াড় এই নিলামে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে বাবর আজম ছাড়াও ফখর জামান, নাসিম শাহ, উসমান তারিক, হাসান আলী, শাদাব খান, হাসান নওয়াজ, মুহাম্মদ নওয়াজ, সায়িম আইয়ুব, খুশদিল শাহ, মায সাদাকাত ও সাহেবজাদা ফারহান রয়েছেন। ভারতের মুরগান অশ্বিন একমাত্র খেলোয়াড় হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন। আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে।

খেলোয়াড়দের নিলামের জন্য ১০, ৪০ এবং ৮০ হাজার মার্কিন ডলারের তিনটি মূল্যের স্ল্যাব নির্ধারণ করা হয়েছে। বাবর আজম, সল্ট, ব্যান্টন, ডেভিড উইলি, জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস ওকস এবং দাসুন শানাকাসহ অনেকেই সর্বোচ্চ ৮০ হাজার ডলারের ক্যাটাগরিতে আছেন। অন্যান্য উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে জয়ডেন সিলস, ইব্রাহিম জাদরান, তাবরাইজ শামসি, কুশল পেরেরা ও শরিফুল ইসলামের মতো তারকারাও থাকছেন।

ফ্র্যাঞ্চাইজিগুলোর নিলামের বাজেট সম্পর্কে জানা গেছে, এমআই এমিরেটস ১.৩৯ মিলিয়ন ডলার নিয়ে সবচেয়ে বড় বাজেট নিয়ে নিলামে নামবে। আবু ধাবি নাইট রাইডার্সের বাজেট ১.৩৬৫ মিলিয়ন ডলার। ডেসার্ট ভাইপারস ও গালফ জায়ান্টসের প্রত্যেকের হাতে ১.৩০৫ মিলিয়ন ডলার রয়েছে। এদিকে দুবাই ক্যাপিটালস ও শারজাহ ওয়ারিয়রস তাদের প্রাক-নিলাম চুক্তির পুরো অর্থ খরচ করায় তারা ১.৩ মিলিয়ন ডলার নিয়ে নিলামে প্রবেশ করবে।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড় দলভুক্ত করতে হবে। এই স্কোয়াডের মধ্যে অন্তত ১১ জন ফুল মেম্বার দেশের খেলোয়াড় (যার মধ্যে অন্তত ৪ জন আফগানিস্তান ও একজন আয়ারল্যান্ডের), ৪ জন সংযুক্ত আরব আমিরাতের, একজন কুয়েতের, একজন সৌদি আরবের এবং একজন সহযোগী দেশের খেলোয়াড় থাকতে হবে। এছাড়া, দলগুলো চতুর্থ মৌসুমে খেলা বা উন্নয়ন টুর্নামেন্টে থাকা একজন সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়কে রিটেইন করার জন্য ‘রাইট টু ম্যাচ’ (আরটিএম) সুবিধা ব্যবহার করতে পারবে।