আইপিএল ২০২৭: দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ যুবরাজ

আইপিএল ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের সহকারী এবং ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। এর আগে তিনি অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো উদীয়মান ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করলেও, কোনো ফ্র্যাঞ্চাইজিতে আনুষ্ঠানিকভাবে কোচিংয়ের দায়িত্ব পালন এবারই প্রথম। নতুন এই চ্যালেঞ্জ নিয়ে বেশ উচ্ছ্বসিত বিশ্বজয়ী এই তারকা ক্রিকেটার।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের সম্পর্ক বেশ পুরোনো। ২০১৫ সালের আইপিএল নিলামে ১৬ কোটি রুপিতে দিল্লি তাকে দলে নিয়েছিল, যা তৎকালীন সময়ে ছিল টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড। মাঠের লড়াইয়ে যুবরাজ ১৩২টি আইপিএল ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ২,৭৫০ রান করার পাশাপাশি নিয়েছেন ৩৬টি উইকেট। দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে নিজের দক্ষতা প্রদর্শন করেছেন।

দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল এই নিয়োগের বিষয়ে বলেন, যুবরাজকে পরিবারের সদস্য হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই ম্যাচ উইনার তরুণ প্রতিভাদের পথ প্রদর্শক হিসেবে ভূমিকা রেখেছেন। তার অভিজ্ঞতাসম্পন্ন জয়ী মানসিকতা এবং খেলোয়াড়দের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা আমাদের দলের জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ হিসেবে প্রমাণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই নিয়োগের ফলে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে পুনরায় কাজের সুযোগ পাচ্ছেন যুবরাজ, যিনি বর্তমানে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। এ প্রসঙ্গে যুবরাজ বলেন, এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের এবং মালিকপক্ষের সঙ্গেও আমার বেশ সুসম্পর্ক রয়েছে। এবার কোচ হিসেবে ‘দাদা’র সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। কোচিং আমার জন্য অত্যন্ত আবেগের জায়গা এবং দলের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ শুরুর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে থাকা দিল্লি ক্যাপিটালসের জন্য যুবরাজের ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে।