ইনকিলাব মঞ্চের নতুন কমিটি: আহ্বায়ক জাবের, সদস্যসচিব জুমা, আজীবন মুখপাত্র ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আট সদস্যের এই কমিটিতে আবদুল্লাহ আল জাবেরকে আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম জুমাকে সদস্যসচিব করা হয়েছে। একইসঙ্গে শহীদ শরিফ ওসমান বিন হাদিকে সংগঠনের আজীবন মুখপাত্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যা সাতটায় ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটি নির্বাচিত হয়। পরে রাতে সংগঠনের ফেসবুক পেজে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।

গত বছরের ডিসেম্বরে শহীদ হন ওসমান হাদি। ওই সময় তিনি সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্রের দায়িত্বে ছিলেন। হাদির সঙ্গে মঞ্চের সদস্যসচিব ছিলেন আবদুল্লাহ আল জাবের। এবার তিনি আহ্বায়ক পদে নির্বাচিত হলেন।

নতুন কমিটির সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা এর আগে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে তিনি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হন।

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহসাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহমিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ।

একইসঙ্গে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও যোগ্য সদস্যদের মূল্যায়নের মাধ্যমে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জি এ সাব্বিরকে এই কমিটির আহ্বায়ক এবং মাসুদুর রহমান আদনানকে সদস্যসচিব করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার ও শাফিন শাররাজ।