বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ টম ক্রুজকে আজীবন সম্মাননা দিচ্ছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। প্রতিষ্ঠানটির ৫২তম লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন এই তারকা। আগামী ২০২৭ সালের ২৪ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এক বিশেষ আয়োজনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। অভিনেতা ও প্রযোজক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে সিনেমার প্রতি তার নিষ্ঠা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার (২১ অক্টোবর) এক ঘোষণায় জানিয়েছে এএফআইয়ের পরিচালনা পর্ষদ।
এএফআইয়ের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে টম ক্রুজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বজুড়ে পরিচিত এই অভিনেতা প্রতিটি কাজের প্রতি প্রবল মনোযোগী। চলচ্চিত্র যে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, সেই বিশ্বাস থেকেই তিনি কাজ করেন। সিনেমার প্রতি তার এই আবেগ এবং নিষ্ঠা তাকে আমেরিকান চলচ্চিত্রের একজন অসাধারণ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর আগে এডি মারফি, নিকোল কিডম্যান, জুলি অ্যান্ড্রুজ, ডেনজেল ওয়াশিংটন ও জর্জ ক্লুনির মতো কিংবদন্তি শিল্পীরা এএফআইয়ের এই মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়েছেন।
পাঁচ দশকের দীর্ঘ পথচলায় ‘মিশন: ইমপসিবল’ সিরিজের পাশাপাশি ‘টপ গান’, ‘রেইন ম্যান’, ‘আ ফিউ গুড মেন’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘মাইনরিটি রিপোর্ট’ ও ‘দ্য লাস্ট সামুরাই’-এর মতো অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন টম ক্রুজ। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বারবার অস্কারের মনোনয়ন পেয়েছেন এবং ২০২৫ সালে একাডেমির গভর্নরস অ্যাওয়ার্ডসে তাকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়। এছাড়া ২০২২ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার প্রযোজক হিসেবেও তিনি সেরা চলচ্চিত্র বিভাগে অস্কারের দৌড়ে ছিলেন।
সম্প্রতি টম ক্রুজকে দেখা গেছে ‘ডিগার’ সিনেমায়। এতে তিনি গ্রিনল্যান্ডের তেল উত্তোলনসংক্রান্ত বিপর্যয়ের সঙ্গে জড়িয়ে পড়া এক খামখেয়ালি ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন। করপোরেট লোভ ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে নির্মিত এই বড় বাজেটের সিনেমাটি বাণিজ্যিকভাবে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। এএফপির তথ্য অনুযায়ী, মুক্তির দুই সপ্তাহ পর উত্তর আমেরিকায় সিনেমাটির আয় ছিল ১ কোটি ৪৪ লাখ ডলার এবং বিশ্বব্যাপী তা ৩ কোটি ৫৩ লাখ ডলারে পৌঁছেছে। সব মিলিয়ে এই সিনেমা থেকে সম্ভাব্য লোকসানের পরিমাণ প্রায় ২৪৫ মিলিয়ন ডলার বলে জানা গেছে।

