দ্বিতীয় সিনেমা পরিচালনায় নামছেন কুসুম শিকদার

খুব শিগগিরই নিজের পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদার। কুসুমের নিজস্ব মূল ভাবনায় নির্মিত হতে যাওয়া নতুন এই ছবিটি হবে ক্রাইম-থ্রিলার ঘরানার। তবে বর্তমানে ছবিটির চিত্রনাট্য রচনার জন্য একজন দক্ষ চিত্রনাট্যকারের সন্ধান করছেন তিনি। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের জীবন ও ক্যারিয়ারের এমনই নানা অজানা তথ্য শেয়ার করেছেন এই অভিনেত্রী।

স্মৃতিচারণ করতে গিয়ে কুসুম শিকদার জানান, প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার ‘শঙ্খচিল’ সিনেমার চিত্রগ্রহণের সময় কলকাতার খ্যাতিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চলচ্চিত্রকার গৌতম ঘোষ তাকে ‘পুঁটলি’ নামে ডাকতেন। শুটিং সেটে প্রতিদিন নিজের ব্যাগে প্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিসপত্র সাথে নিয়ে আসতেন বলেই তারা রসিকতা করে এই নামটি দিয়েছিলেন। উল্লেখ্য, পরবর্তীতে সেই চলচ্চিত্রটি ভারতে শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে এবং কুসুম শিকদারও বাংলাদেশে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

‘লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক-২০০২’ খেতাব বিজয়ী এই অভিনেত্রী তার অভিনয় জীবনের শুরুর দিকের একটি মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, ক্যারিয়ারের প্রারম্ভে নিজে মেকআপ করতে জানতেন না বলে সিনিয়র তারকাদের বেশ সাহায্য নিতে হতো। থাইল্যান্ডের পাতায়াতে তার প্রথম নাটক ‘বিয়ের আংটি’র শুটিংয়ে প্রখ্যাত অভিনেত্রী তারিন জাহান তাকে নিয়মিত সাজিয়ে দিতেন। এমনকি দুবাইয়ে ‘লাক্স চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এ অংশগ্রহণের সময়ও তাকে মেকআপে সহযোগিতা করেছিলেন রুমানা রশীদ ঈশিতা।

রুম্মান রশীদ খানের সঞ্চালনা এবং জেড আই ফয়সালের প্রযোজনায় নির্মিত এই পডকাস্ট পর্বটি আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে।