দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। এই খাতে আগামীতে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির একটি সুদূরপ্রসারী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান। এই লক্ষ্যে এসএমই নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে শিগরিরই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এসএমই খাতের বিকল্প নেই। সরকার এরই মধ্যে নতুন একটি এসএমই নীতিমালা প্রণয়নের কাজ করছে, যা খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, চাকরির পেছনে না ছুটে তাদের নিজেদের চাকরিদাতা হিসেবে গড়ে তোলার মানসিকতা অর্জন করতে হবে।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’। সাত দিনব্যাপী এই মেলায় সারা দেশ থেকে অংশ নিয়েছে ৪৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং ৩৮০ জন উদ্যোক্তা। আয়োজনে ব্যবসায়ীদের উৎসাহিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা, নারী ও পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা, মাইক্রো উদ্যোক্তা, স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তার জন্য নির্দিষ্ট ক্যাটাগরি। দেশীয় পণ্যের প্রসার ও বাজার সম্প্রসারণে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬ শুরু হয়েছে আজ রোববার।

