গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত যৌথ নদী কমিশনের ৯১তম বৈঠক ঢাকায় সম্পন্ন

মেয়াদ শেষের আগেই গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কার্যক্রম পর্যালোচনায় যৌথ নদী কমিশনের (জেআরসি) শেষ বৈঠক সম্পন্ন করেছে বাংলাদেশ ও ভারত। চুক্তিটি বাস্তবায়নে গঠিত যৌথ কমিটির ৯১তম সভাটি রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত হয়। এ সভায় চুক্তি বাস্তবায়নের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করেছে উভয় দেশের প্রতিনিধি দল। ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) শেষ সভা করেছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। কিন্তু বাংলাদেশের সেই অনুরোধে সাড়া দেয়নি ভারত।

জেআরসির পক্ষ থেকে জানানো হয়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির ৪ অনুচ্ছেদ অনুযায়ী এই যৌথ কমিটি গড়ে তোলা হয়। এতে যৌথ নদী কমিশনের বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শরদ চন্দ্র। চুক্তি অনুযায়ী ১৯৯৭ সাল থেকে কমিটিটি হার্ডিঞ্জ সেতু ও ফারাক্কা পয়েন্টে পর্যবেক্ষণ দল বজায় রাখা, পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা এবং বার্ষিক তথ্য সংকলনের দায়িত্ব পালন করে আসছে।

বার্ষিক সূচি মেনে প্রতিবছর তিনটি সভার নিয়ম রয়েছে জেআরসি যৌথ কমিটির। এই ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল ঢাকায় প্রথম (৮৯তম) এবং ২২ মে কলকাতায় দ্বিতীয় (৯০তম) বৈঠক হয়েছিল। এরপর নদী পরিদর্শন ও কার্যক্রম পর্যালোচনার পর এবার ঢাকায় তৃতীয় সভাটি সম্পন্ন করা হয়। সাধারণত একটি বৈঠক ফারাক্কা অঞ্চল পরিদর্শন শেষে কলকাতায় এবং অন্যটি হার্ডিঞ্জ সেতু এলাকা পরিদর্শন শেষে ঢাকায় হয়ে থাকে। এসব কাজ সম্পাদনের ক্ষেত্রে প্রতিবছর যৌথ কমিটির তিনটি বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বৈঠক ফারাক্কায় সাইট পরিদর্শন শেষে কলকাতায় অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ৩০ বছরের জন্য ফারাক্কা পয়েন্ট থেকে ১ জানুয়ারি থেকে ৩১ মে মেয়াদের পানিবণ্টন চুক্তিটি স্বাক্ষরিত হয়, যার মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের বিষয়ে আলোচনা শুরু করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে চলতি বছরের জুন ও আগস্ট মাসে ভারতকে যৌথ বৈঠকের প্রস্তাব দিলেও দিল্লির কাছ থেকে সাড়াশব্দ মেলেনি। জুনে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে প্রথমবারের মতো আলোচনার প্রস্তাব দেয়। জুনের সেই অনুরোধের উল্লেখ করে বাংলাদেশ আগস্টে আরেক দফা চিঠি দেয় ভারতকে।