কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানিকৃত ইউরেনিয়ামের তৃতীয় চালানটি নির্ধারিত গন্তব্যে এসে পৌঁছেছে। শনিবার ৩১ অক্টোবর সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীতে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প চত্বরে প্রবেশ করে।

এর মাধ্যমে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য তিনটিসহ মোট চারটি চালান সফলভাবে প্রকল্প এলাকায় পৌঁছাল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি অ্যাসেম্বলি বাংলাদেশে আসার কথা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনা হবে।

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত রূপপুর প্রকল্পে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। ইতোমধ্যে এর প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বায়েরার চেয়ারম্যান এই কার্যক্রমের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন।

এই স্টেজ-সি ধাপে ক্রমান্বয়ে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় এসব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পরই প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত বা সিনক্রোনাইজ করা হবে।

এদিকে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। শুক্রবার ৩০ অক্টোবর বিকেলে গণমাধ্যমকে তিনি জানান, সার্বিক কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।