ইনডিকার চালক জ্যাক হার্ভে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ চালক নিজেই দুঃসংবাদটি জানিয়েছেন। তবে নিজের শারীরিক লড়াইয়ের পাশাপাশি তিনি আগামী বছরের সিজন ওপেনার এবং মে মাসে অনুষ্ঠিতব্য ইন্ডি ৫০০ রেসে ফেরার লক্ষ্য স্থির রেখেছেন। হার্ভে ঠিক কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন, তা এখনো প্রকাশ করেননি।
নিজের ক্যারিয়ার নিয়ে মন্তব্য করতে গিয়ে হার্ভে লিখেছেন, আমার পুরো ক্যারিয়ারটাই সামনের দিকে এগিয়ে যাওয়ার লড়াই। তিনি আরও বলেন, জীবন আমার দরজায় নতুন এক লড়াই নিয়ে এসেছে। এমন অনেক মুহূর্ত এসেছে যখন সামনের পথ অস্পষ্ট ছিল, তবু আমি কখনো লড়াই করা থামাইনি। আমি সবসময় বিশ্বাস রেখেছি যে লড়াই করার মতো যথেষ্ট কারণ এখনো আছে। আমার ২০২৭ সালের লক্ষ্য অপরিবর্তিত। আমি সেন্ট পিটের গ্রিডে ফিরতে চাই এবং মে মাসে ইন্ডি ৫০০-এর প্রস্তুতির জন্য পুনরায় গাড়ির আসনে বসতে চাই।
২০২৬ সালের ইন্ডি ৫০০ রেসে ড্রেয়ার অ্যান্ড রেইনবোল্ড রেসিংয়ের হয়ে ড্রাইভ করেছেন হার্ভে এবং মৌসুমের বাকি সময় ফক্স স্পোর্টসের পিট রিপোর্টার হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে ইন্ডি ৫০০-তে অভিষেকের পর থেকে ৯৫টি ইনডিকার রেস শুরু করে ১৭ বার সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া ক্যারিয়ারে মায়ার শ্যাঙ্ক রেসিং, শ্মিট পিটারসন মোটরস্পোর্টস, রহাল লেটারম্যান ল্যানিগান রেসিং ও ডেল কয়েন রেসিংয়ের হয়েও প্রতিযোগিতা করেছেন এই চালক।
এদিকে হার্ভের পাশে দাঁড়িয়েছে তার দল ড্রেয়ার অ্যান্ড রেইনবোল্ড রেসিং। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, জ্যাক আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার এই নতুন লড়াইয়ে পুরো দল তার পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। সুস্থতা ও পুনরুদ্ধারের এই কঠিন সময়ে তার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর জন্যও সবার প্রতি অনুরোধ জানিয়েছে দলটি।

