ক্লাস শুরুর এক মাস পার, নোবিপ্রবিতে এখনো হয়নি নবীনদের কেন্দ্রীয় বরণ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২১তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরুর পর এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো কেন্দ্রীয়ভাবে নবীন বরণ বা ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করা হয়নি। গুচ্ছভুক্ত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর আগেই এমন আয়োজন সম্পন্ন হলেও নোবিপ্রবিতে তা না হওয়ায় নতুন শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মূলত প্রতিকূল আবহাওয়ার কারণেই অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরের শুরুতে এটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

গত ১৯ জুলাই থেকে নোবিপ্রবির ২১তম ব্যাচের ক্লাস কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম আনুষ্ঠানিক এই বরণ অনুষ্ঠানটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা ছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা তাদের হতাশার কথা জানিয়েছেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাফিস বলেন, গুচ্ছের অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর আগেই ওরিয়েন্টেশন শেষ হয়েছে, কিন্তু এখানে এখনো তা হয়নি। তিনি অবিলম্বে এই আয়োজন সম্পন্ন করার দাবি জানান। একই বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার জানান, এক মাসের বেশি সময় ধরে ক্লাস করলেও আনুষ্ঠানিকভাবে পরিচিতি পর্ব না হওয়ায় তারা হতাশ।

শিক্ষা বিভাগের শিক্ষার্থী জয়া মারমা আক্ষেপ করে বলেন, এতদিন হয়ে গেল এসেছি, এখনো ওরিয়েন্টেশনের দেখা নেই। একটা আশা নিয়ে এসেছিলাম, সেটাও বোধহয় অপেক্ষাতেই সীমাবদ্ধ। ডিবিএ বিভাগের শিক্ষার্থী মো. সজিব হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে সেন্ট্রাল ওরিয়েন্টেশন কেবল একটি অনুষ্ঠান নয়, বরং নতুন স্বপ্নের এক বিশেষ স্মৃতি। সবাই একসঙ্গে মিলিত হয়ে নতুন পথচলার আনন্দ ভাগ করে নেওয়ার প্রত্যাশা ছিল, যা পূরণ না হওয়ায় শিক্ষার্থীদের মনে ক্ষোভ তৈরি হয়েছে।

তবে কেন্দ্রীয়ভাবে আয়োজন না হলেও বিভিন্ন সংগঠন ও সোসাইটির উদ্যোগে নবীনদের বরণ করে নেওয়া হয়েছে। ইসলামিক প্র্যাকটিশনারস সোসাইটির আয়োজনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার উদ্যোগে ১১০০-এর বেশি নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা ড. শিবলুর রহমান জানান, কেন্দ্রীয়ভাবে নবীন বরণ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। আগামী মাসের শুরুতে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে, যেখানে অনুষ্ঠানের তারিখ ও সার্বিক বিষয় চূড়ান্ত করা হবে।

উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী বিষয়টি স্পষ্ট করে বলেন, আবহাওয়াজনিত কারণে অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি জানান, বৃষ্টির কারণে বাইরে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না এবং বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পর্যাপ্ত জায়গা না থাকায় এটি সেপ্টেম্বরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এখন প্রশাসনের সেই প্রতিশ্রুত আয়োজনের অপেক্ষায় রয়েছেন।