গাজীপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে আটকে যুবক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক খুঁটির ওপরে আটকে পড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ছাতির বাজার এলাকায় ডিবিএল কারখানা-গোদারচালা আঞ্চলিক সড়কের ফকিরবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই যুবক বর্তমানে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কয়েকজন মিলে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। দলের একজন খুঁটির ওপরে উঠে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করা হলেও ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎ চালু ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তিনি খুঁটির ওপরের অংশে আটকে পড়েন এবং তাঁর নিচে থাকা সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা সুলতান শেখ রাত ১০টার দিকে ওই ব্যক্তিকে খুঁটিতে আটকে থাকতে দেখেন এবং কর্তৃপক্ষকে খবর দেন।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজের সুবিধার্থে ১১ হাজার ভোল্টের ওই সঞ্চালন লাইনের বিদ্যুৎ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শান্তনু রায় জানান, খবর পাওয়ার পর তাঁদের ৮ থেকে ১০ জনের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আহত ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়।

মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খাইরুল আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার অভিযান শেষে রাত ১২টার দিকে ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে ওই যুবকের শরীরের ডান পাশের প্রায় ৩৩ শতাংশ পুড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানিয়েছেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তবে ওই ব্যক্তি আসলেই ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে খুঁটিতে উঠেছিলেন কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। ভবিষ্যতে ট্রান্সফরমার চুরি রোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।