মনপুরায় হামে আক্রান্ত ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

ভোলার মনপুরা উপজেলায় হামের ছোবলে মোসা. আছিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার ইসমাইলের মেয়ে। গত ১৩ অক্টোবর অসুস্থ অবস্থায় তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন থাকার সময় বুধবার দুপুরে শিশুটির মৃত্যু হয়। জানা গেছে, হামে আক্রান্ত আছিয়াকে গত ১৩ অক্টোবর মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল। তিনি জানান, হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ রক্ষা হয়নি।

শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে ডা. কবির সোহেল অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো শিশুর শরীরে হামের লক্ষণ, ফুসকুড়ি বা জ্বর দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। এছাড়া শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় রাখা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। তিনি শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।