জাতীয় লিগ: রাজশাহীর লড়াই, ঢাকার ১১ বোলারের পরীক্ষা

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে ব্যাটারদের আধিপত্যের দিনে এক অনন্য ঘটনার সাক্ষী হলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সিলেট ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচে ঢাকা তাদের ১১ জন খেলোয়াড়কে দিয়ে বোলিং করিয়েছে। এমনকি নিয়মিত উইকেটকিপার ও অধিনায়ক মাহিদুল ইসলামও ১ ওভার বল করেছেন, যা তার ২৬৩টি পেশাদার ম্যাচের ক্যারিয়ারে প্রথম। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি সপ্তম ঘটনা যেখানে কোনো দলের এক ইনিংসে ১১ জনই বল করেছেন। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করা ঢাকার বিপক্ষে সিলেট দিন শেষে ৫ উইকেটে ৪৩১ রান সংগ্রহ করেছে। আসাদুল্লাহ আল গালিব ৮৯, আশরাফুল হাসান অপরাজিত ৮১, জাকির হাসান ৬৫ এবং সৈকত আলী ৬০ রান করেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ড্রয়ের পথে হাঁটছে সিলেট ও ঢাকা বিভাগের ম্যাচ। ২ উইকেটে ১৫৪ রান নিয়ে দিন শুরু করা সিলেট তৃতীয় দিনটা শেষ করেছে ৫ উইকেটে ৪৩১ রান তুলে। ২ রানের জন্য ফিফটি পাননি মুবিন আহমেদ। প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টুয়েন্টি মিলিয়ে খেলা ২৬৩ ম্যাচে এবারই প্রথম বল করলেন মাহিদুল।

মিরপুরে প্রথম ইনিংসে ১১৯ রানে অলআউট হয়ে ইনিংস হারের শঙ্কায় থাকা রাজশাহী দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। খুলনার ৪৮৪ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাবিবুর রহমান ও সাব্বির হোসেন উদ্বোধনী জুটিতে ১২৬ রান তোলেন। ৯০ রানে আউট হন হাবিবুর, আর সাব্বির করেন ৮৮ রান। এছাড়া নাঈম আহমেদ ৬৯ রান করলে রাজশাহী ৩ উইকেটে ৩০০ রান নিয়ে দিন শেষ করে, তবে এখনো তারা ৬৫ রানে পিছিয়ে আছে। খুলনা প্রথম ইনিংসে ৪৮৪ রান করায় রাজশাহীর এক ইনিংসে হারার শঙ্কা দেখা দেয়। ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন হাবিবুর। তবে দ্বিতীয় ইনিংসে উড়ন্ত সূচনা পাওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটেছে রাজশাহীর।

কক্সবাজারে চট্টগ্রাম ও বরিশালের ম্যাচে ইনিংস হারের শঙ্কায় পড়েছে বরিশাল। চট্টগ্রামের ৫৭৬ রানের বিশাল সংগ্রহের জবাবে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৯ রান তুলে দিন শেষ করেছে বরিশাল। এর আগে ৯২ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রামের ইরফান শুক্কুর সেঞ্চুরি পূর্ণ করেছেন। বরিশালের হয়ে অধিনায়ক ইফতেখার হোসেন সর্বোচ্চ ৭৪ রান সংগ্রহ করেছেন।

এদিকে সিলেট একাডেমি মাঠে ময়মনসিংহের বিপক্ষে রংপুর তাদের লিড আরও বাড়িয়েছে। ময়মনসিংহ প্রথম ইনিংসে ২৯৫ রানে অলআউট হয়, যেখানে খালিদ হাসান ৭২ এবং আবু হায়দার ৫২ রান করেন। রংপুর তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১৯৫ রান তুলে মোট ৩২২ রানের লিড নিয়েছে, যার মধ্যে অধিনায়ক আকবর আলীর অবদান ৭৪ রান।