পরিচালক জিয়াউদ্দিন আলমের ‘অবহেলা’য় কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত

বাংলাদেশের নন্দিত অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত প্রথমবারের মতো কাজ করলেন পরিচালক জিয়াউদ্দিন আলমের সঙ্গে। ফেরারী ফরহাদের রচনায় ‘অবহেলা’ নামের এই নাটকটি নির্মিত হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘লেজার ভিশন’ ইউটিউব চ্যানেলে প্রচারের লক্ষ্যে। বরেণ্য এই শিল্পীকে নিয়ে কাজ করতে পেরে উচ্ছ্বসিত নির্মাতা জিয়াউদ্দিন আলম জানান, আবুল হায়াতকে নিয়ে এটিই তার পরিচালিত প্রথম নাটক। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন গল্পকে গুরুত্ব দিয়ে তিনি কাজটি করার চেষ্টা করেছেন। এছাড়া লেজার ভিশন এবং সংশ্লিষ্ট আরিফ, মাজহার ও বকুল ভাইয়ের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সাম্প্রতিক সময়ের নাটকের ধারা এবং ভাষার ব্যবহার নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন আবুল হায়াত। তিনি বলেন, বর্তমানে পারিবারিক গল্পের নাটক নির্মাণের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা ইতিবাচক। তবে নাটকে ভাষার বিকৃত ব্যবহার নিয়ে তার আপত্তি রয়ে গেছে। আবুল হায়াতের মতে, গ্রামীণ পটভূমির গল্পে আঞ্চলিক ভাষা প্রয়োগ করা যেতে পারে, কিন্তু শহুরে গল্পের ক্ষেত্রে ভাষার ব্যবহারে সচেতনতা ও শুদ্ধতা প্রয়োজন। তিনি মনে করেন, ভাষা ঠিক থাকলে নাটকের ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। ব্যক্তিগতভাবে তিনি ভাষার ব্যবহারে সবসময়ই সচেতন থাকার চেষ্টা করেন বলে জানান। জিয়াউদ্দিন আলমের এই নাটকটির গল্প বেশ পরিচ্ছন্ন এবং নির্মাতা অত্যন্ত যত্নসহকারে নাটকটি নির্মাণ করেছেন বলেও অভিমত ব্যক্ত করেন এই গুণী অভিনেতা।

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ফের ক্যামেরার সামনে দাঁড়াবেন আবুল হায়াত। অভিনেতা জানান, চলতি মাসের শেষদিকে তিনি নতুন কয়েকটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজেও নিয়মিত তিনি।

প্রতিবছরের ন্যায় এবারও আসন্ন রোজার ঈদ এবং কোরবানির ঈদকে সামনে রেখে চ্যানেল আইয়ের জন্য দুইটি বিশেষ নাটক পরিচালনার পরিকল্পনা করেছেন এই কিংবদন্তি শিল্পী। সব মিলিয়ে অভিনয় ও পরিচালনার কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।