মালদ্বীপের ‘ফাইভ মিলিয়ন ট্রি’ বা ৫০ লাখ গাছ লাগানোর কর্মসূচিতে অংশীদার হিসেবে বাংলাদেশ ২০ হাজার গাছের চারা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার (২৬ জুলাই) মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষে রাজধানী মালের লোনুজিয়ারা পার্কে আয়োজিত এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সফররত পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে বন্ধুত্ব ও সদিচ্ছার প্রতীক হিসেবে মালদ্বীপ সরকারের কাছে ১০টি গাছের চারা হস্তান্তর করেন এবং নিজে একটি চারা রোপণ করেন। ড. খলিলুর রহমান জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবেই বাংলাদেশ এই উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং জলবায়ু ইস্যুতে যৌথ অঙ্গীকারের এক বিশেষ প্রতিফলন। এসময় উভয় পক্ষ পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দেশজুড়ে ৫০ লাখ গাছ লাগানোর এই উচ্চাভিলাষী কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই লক্ষ্যমাত্রা অর্জনে এখন পর্যন্ত দেশটিতে ১০ লাখেরও বেশি চারা রোপণ করা হয়েছে।

