মুন্সিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘শান্তির ছেলে’ গ্রেফতার

মুন্সিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মো. বাবু সরকার ওরফে আব্দুল জব্বার (৩৭)কে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। স্থানীয়ভাবে তিনি ‘শান্তির ছেলে’ নামে পরিচিত।

শনিবার (১৩ জুন) রাত ৯টা ১০ মিনিটে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ সদর থানার বৈখর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বাদল মন্ডলের বসতবাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত বাবু সরকার ওরফে আব্দুল জব্বার বৈখর পশ্চিমপাড়া এলাকার মৃত অফিজ উদ্দিন সরকার এবং শান্তি বেগমের সন্তান। তিনি স্থানীয়ভাবে ‘শান্তির ছেলে’ নামেই পরিচিত।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ২৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

অবশেষে শনিবার রাতে মুন্সিগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক ও সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান বজায় রাখা হবে।