মঙ্গলবার ভোরে নাটোরের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ।
ফায়ার সার্ভিস জানায়, সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় বেশ কিছু যাত্রী ভেতরে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা হিমশিম খাচ্ছেন। স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ চললেও, উদ্ধারকৃতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সড়কের ওপর পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

