লোহাগড়ায় জাতীয় যুব দিবসে ঋণ ও চারা বিতরণ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় উদযাপন করা হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। রোববার (১ নভেম্বর) লোহাগড়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয় যৌথভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র‍্যালিটি পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান। অনুষ্ঠানের পরিচালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় উন্নয়নে তরুণদের অবদান নিশ্চিত করতে তাদের দক্ষতা বাড়ানো এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা আবশ্যক। সঠিক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে তাদের যুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণ গ্রহণ ও বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জন করায় উপজেলার শালবরাত গ্রামের মো. চুন্নু মোল্যা এবং কোলা গ্রামের মো. নাহিদ শেখকে যুব ঋণের চেক দেওয়া হয়। প্রধান অতিথিসহ অন্য আমন্ত্রিত অতিথিরা এ দুজন আত্মকর্মীর প্রত্যেকের হাতে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকার ঋণের চেক তুলে দেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত যুব সংগঠক, আত্মকর্মী ও প্রশিক্ষণার্থীদের মাঝে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সিনিয়র সহসভাপতি মো. হেমায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, যৌথ সাধারণ সম্পাদক মো. সামচুল হক আজাদ এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর এবং উপজেলা আর্ণ প্রকল্পের ম্যানেজার জগদীশ মন্ডল। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ওয়ালী উল্যাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় তরুণ আত্মকর্মী ও প্রশিক্ষণার্থীরা এতে অংশ নেন।