চাঁদপুরে অবসরপ্রাপ্তদের ২ কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ

চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত ২৪ জন কর্মকর্তা ও কর্মচারীর মাঝে বকেয়া আনুতোষিক বা গ্র্যাচুইটির ২ কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার বিকেল ৩টায় পৌর পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জাকির শেখ এবং গীতা পাঠ করেন চন্দ্রনাথ ঘোষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দীর্ঘদিন পর হলেও আপনারা আপনাদের প্রাপ্য অর্থ হাতে পেয়েছেন। তিনি পৌর প্রশাসককে পরামর্শ দিয়ে বলেন, অবসরপ্রাপ্তদের নামে প্রতি মাসে যে টাকা কাটা হয় তা যেন যথাসময়ে প্রদান করা হয়। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, চাঁদপুর পৌরসভাকে একটি স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। যারা অতীতে ৩০ কোটি টাকা বকেয়া রেখে গেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি পৌরসভাকে আধুনিক করতে নাইট পার্ক ও ডে পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান। পাশাপাশি হকারদের উচ্ছেদ না করে তাদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরো বলেন, আমরা সকলেই চাই একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। পৌর প্রশাসক সাহেবকে অনুরোধ করব অবসরপ্রাপ্তদের নামে যেই টাকাটা প্রতিমাসে কর্তন করা হয়, তা যেন সঠিক সময় প্রদান করা হয়। মোবাইল আসার পর সন্তানদের বাবা-মায়ের প্রতি ভালোবাসা কমে গেছে। তাই আপনারা যে যে টাকাটা পাচ্ছেন, সবার আগে নিজের দেনা পরিশোধ করবেন ও নিজের চিকিৎসা করাবেন। যে দুর্নীতি করবে তাকে ছাড় দেওয়া হবে না। একটি রাস্তা বা প্রকল্প করতে কত টাকা খরচ হয়, আমরা সকলে জানি। যারা ট্যাক্স, পানির বিল দিবেন না ঝুলিয়ে রাখবেন, তাদেরকে সেবা বন্ধ করে দেন।

পৌরসভার বর্তমান প্রশাসক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলাদার। এছাড়া অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সামছুদ্দোহা ও সাবেক প্রধান শিক্ষক কাজী সুরাইয়া বেগম।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আরিফ মহিউদ্দিন চৌধুরী, যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতুসহ গণ্যমান্য ব্যক্তি ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক ও পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী আনুষ্ঠানিকভাবে অবসরপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন।