শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল ৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা বিষয়ক তিন দিনব্যাপী কার্যক্রমের সমাপনী পর্ব।

এই বিশেষ চিকিৎসা কার্যক্রমটি যৌথভাবে আয়োজন করেছিল চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ এবং ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। অনুষ্ঠানে চীনের বিশেষজ্ঞ দলের উপস্থিতিকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, চীনের অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজশাহীতে বিশ্বমানের হৃদরোগ চিকিৎসাসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে মিজানুর রহমান মিনু বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের এই দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। তিনি দুই দেশের পারস্পরিক সহযোগিতার এই ধারা অব্যাহত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, কোর্ট-নাটোর রোড থেকে হার্ট ফাউন্ডেশনে যাতায়াতের সংযোগ সড়কটি প্রশস্ত করা অত্যন্ত জরুরি। এই সড়ক প্রশস্তকরণে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি রাজশাহী সিটি করপোরেশন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে (আরডিএ) নির্দেশনা প্রদান করেন। এছাড়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন কাজের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদান বরাদ্দের আশ্বাসও দেন তিনি।

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হসপিটালের ডেপুটি ডাইরেক্টর ইনচার্জ ও বিশেষজ্ঞ দলের টিম লিডার লু-জিয়াং। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে চিকিৎসা খাতের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. মো. আতাউল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চীফ কনসালটেন্ট ও ডাইরেক্টর ডা. মো. রইছ উদ্দিন। এছাড়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. হাসেন আলী এবং মো. মাকসুদুল করিম সম্রাটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।