জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা ও অন্যান্য অভিযোগে সাবেক দুই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ তদন্তের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম। সোমবার তিনি মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সংস্থা অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
এদিকে, একই দিন হাইকোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনায় সাবেক প্রেসিডেন্টের সংশ্লিষ্টতার দায় তিনি এড়াতে পারেন না। শিশির মনিরের মতে, এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রেসিডেন্টের কোনো দায়মুক্তির সুযোগ নেই।
আইনজীবী শিশির মনির আরও দাবি করেন, হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদনে ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় মো. সাহাবুদ্দিনের বিতর্কিত ভূমিকার বিষয়টি উঠে এসেছে। জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার প্রক্রিয়ায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

