সীমান্ত অপরাধ দমনে আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে একজোট মালয়েশিয়া

সীমান্তপারের ক্রমবর্ধমান অপরাধ দমনে আঞ্চলিক দেশগুলোর সাথে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ, অর্থ পাচার ও মানব পাচারের মতো জটিল অপরাধগুলো বর্তমানে একটি নির্দিষ্ট দেশের সীমানায় সীমাবদ্ধ নেই; অপরাধী চক্রগুলো এখন একাধিক দেশের নেটওয়ার্ক ব্যবহার করে অপকর্ম চালাচ্ছে। এই বাস্তবতা সামনে রেখে অপরাধীদের মোকাবিলায় তথ্য বিনিময় ও সমন্বিত উদ্যোগ গ্রহণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দেশটি।

ফিলিপাইনের মাকাতি শহরে আগামী ২০ ও ২১ অক্টোবর অনুষ্ঠিতব্য সীমান্তপারের অপরাধ বিষয়ক আসিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীদের ২০তম সম্মেলনে (এএমএমটিসি) মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির সংশ্লিষ্ট মন্ত্রী।

সোমবার (১৯ অক্টোবর) মালয়েশিয়ার পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে অনলাইন প্রতারণা প্রতিরোধে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং জাতীয় প্রতারণা মোকাবিলা কেন্দ্রের (এনএসআরসি) কার্যক্রমকে আরও শক্তিশালী করা। একই সাথে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। সোমবার (১৯ অক্টোবর) মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধের ধরন ও কার্যক্রম ক্রমেই জটিল হয়ে উঠছে।

আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো কৌশলগত অংশীদারদের সাথেও পরামর্শমূলক বৈঠকে অংশ নেবে মালয়েশিয়া। এ ছাড়া ১৩তম চীন-এএমএমটিসি প্লাস সম্মেলনে দেশটি সহসভাপতির দায়িত্ব পালন করবে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বিত লড়াইয়ের বার্তা এবারের সম্মেলনে তুলে ধরবে কুয়ালালামপুর।