গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচিগুলো জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে সড়কপথে লংমার্চ শুরু হবে। এরপর ১৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা থেকে রংপুর অভিমুখে সড়কপথে, ১০ অক্টোবর (শনিবার) ঢাকা থেকে খুলনা অভিমুখে সড়কপথে এবং ২৪ অক্টোবর (শনিবার) ঢাকা থেকে সিলেট অভিমুখে রেলপথের লংমার্চ অনুষ্ঠিত হবে। এছাড়াও, এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ নভেম্বর (শনিবার) ঢাকায় একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বার্থে ঘোষিত এসব কর্মসূচি সফল করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ১১ দলীয় ঐক্য।

