গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে গত ৪৮ ঘণ্টার মধ্যে দুই শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপীয় সীমান্ত ও কোস্ট গার্ড এজেন্সি ফ্রন্টেক্স। গ্রিক সংবাদপত্র দিমোক্রাতিয়ার তথ্য অনুযায়ী, লিবিয়া উপকূল থেকে যাত্রা করা কয়েকটি নৌযানে করে ২০২ জন অভিবাসী গত ৪৮ ঘণ্টারও কম সময়ে ক্রিটে পৌঁছান। এই বিপুল সংখ্যক মানুষের আগমনে দ্বীপটির কর্তৃপক্ষ ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপ বাড়ছে।
বৃহস্পতিবার সকালে ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজে শনাক্ত হওয়ার পর ৪০ জন অভিবাসী ইয়েরাপেত্রার দক্ষিণ-পূর্ব উপকূলে পৌঁছান। কোস্টগার্ডের একটি টহল মাছ ধরার নৌকার সহায়তায় তাদের ইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাই করা হয়। এর কয়েক ঘণ্টা আগে আরও দুটি নৌযানে করে ১১২ জন অভিবাসী সেখানে পৌঁছান। প্রথম নৌকায় ছিলেন ৫৬ জন, যার মধ্যে ৩১ জন সুদানি ও ২৫ জন বাংলাদেশি। দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিশরীয় নাগরিক ছিলেন।
উদ্ধার হওয়া সকল অভিবাসীকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এদিকে, পৃথক এক অভিযানে দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আগের একটি অভিযানে উদ্ধার হওয়া ৫০ জন অভিবাসীকে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীদের ভাষ্যমতে, ওই কিশোর লিবিয়ার তোব্রুক শহর থেকে গ্রিসের উদ্দেশে যাত্রার সময় নৌকাটি চালিয়েছিল এবং এই কাজের জন্য প্রত্যেক অভিবাসীর কাছ থেকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলার পর্যন্ত অর্থ আদায় করেছিল।

