রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলিপাড়া গ্রামে একটি মর্মান্তিক দুর্ঘটনায় আর্দশী তনচংগ্যা নামে পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে খেলা করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি স্থানীয় বাসিন্দা তপন বিকাশ তনচংগ্যার মেয়ে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ঘটনার সময় শিশুটির বাবা-মা জুম চাষের কাজে পাহাড়ে ছিলেন। প্রতিদিনের মতো আর্দশী নিজ ঘরের ভেতর গামছা দিয়ে তৈরি দোলনায় খেলছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত তার গলায় গামছা পেঁচিয়ে গেলে সে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে এবং গুরুতর অসুস্থ হয়ে যায়।
পরে শিশুটির বড় বোন তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, সন্ধ্যা ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৮: ৫৭আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৮: ৫৮

