জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ গ্রহণ না করে প্রণয়ন করায় ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার জনগণের জন্য নিরাপদ, মানসম্মত, কার্যকর এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৩ সালের ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা তৈরির আগে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী এই পরামর্শ না নেওয়ায় সরকার ‘অত্যাবশ্যকীয় ওষধের তালিকা ২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত এই তালিকা ও মূল্য নির্ধারণী পদ্ধতির বৈধতা নিয়ে উচ্চ আদালতে বর্তমানে একটি মামলা বিচারাধীন রয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এটি জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ ছাড়া প্রণয়ন করা হয়েছিল।
পাশাপাশি ওষুধ ও কসমেটিকস আইনের বিধান অনুযায়ী গত ২৯ জুন জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। মন্ত্রিসভা এই পরিষদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়া অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ওষুধের মূল্য এমনভাবে নির্ধারণ করা হবে যেন বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে এবং সাধারণ জনগণের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি না হয়।

