মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য একটি অত্যন্ত অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে, যার অংশ হিসেবে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, এ খাতে সৌদি কোম্পানিগুলোর অংশগ্রহণ দুই দেশের জন্যই লাভজনক হবে।
সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিবেশের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনের ধারা বজায় রয়েছে। তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদারে সৌদি আরবের আন্তরিক আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন।
বৈঠকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়ার খবরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ-সৌদি সম্পর্ককে বর্তমান সরকার একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে রূপ দিতে চায়। বৈঠকের শেষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান, যার জবাবে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সফরের আশা প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

