বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে পড়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ৯। বর্তমানে শহরটির বায়ুমান স্কোর ১১৩, যা মূলত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পরিস্থিতি নির্দেশ করে।
তালিকায় আজ শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা শহর। বায়ুমান সূচকে শহরটির স্কোর ২০৪, যার অর্থ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। একই সময়ে ১৬৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দূষণের দিক থেকে ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত শহর। চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড শহর, যাদের স্কোর ১৫৬। পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার বায়ুমান স্কোর ১৫৪। এছাড়া ১২৯ স্কোর নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে কাতারের দোহা শহর।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

