রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতের কলকাতাভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিতর্কিত এবং আলোচিত জ্যেষ্ঠ সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ চ্যানেলটি থেকে পদত্যাগ করেছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন লিখেছেন, ‘হ্যাঁ, ঠিকই শুনেছেন। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালেই রিপাবলিক বাংলা সংবাদে আমার শেষ দিন ছিল।’ তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে তিনি চ্যানেলটি ছাড়ার সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা তিনি দেননি।

নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তিনি পোস্টে আরও উল্লেখ করেন, ‘টেলিভিশনের স্টুডিওতে এতদিন নির্ভয়ে নিজের বক্তব্য তুলে ধরেছি। এরপর কী হবে? জগন্নাথই জানেন। তিনিই পথ দেখাবেন। কবে থেকে নতুন যাত্রা শুরু হবে, সময় তা বলে দেবে।’

উল্লেখ্য যে, বাংলাদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দ্বিতীয় বার্ষিকীর দিনেই তাঁর পদত্যাগের এই খবরটি প্রকাশ্যে আসে। বিগত সময়ে বাংলাদেশ সংক্রান্ত সংবাদের পরিবেশন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সার্বভৌমত্ব নিয়ে টেলিভিশন টকশো এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্যের কারণে তিনি বাংলাদেশে তুমুল সমালোচিত ছিলেন এবং নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন।

রিপাবলিক বাংলা ছাড়ার পর তিনি নতুন কোনো গণমাধ্যমে যুক্ত হচ্ছেন কি না কিংবা তাঁর পরবর্তী পরিকল্পনা কী, সে বিষয়ে এখনো কিছু খোলসা করেননি এই সাংবাদিক।

কন্টেন্ট: সংগৃহীত