জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের পূর্ণ কৃতিত্ব জনগণের বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে 'জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সময়ে একদল মানুষ জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পকেটে নিতে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে তারকা খ্যাতির মোহগ্রস্ততা বা কে কত বড় তারকা হয়েছেন—এমন মনোযোগকে তিনি হাস্যকর বলে অভিহিত করেন। যারা এখনো এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারেননি, তাদের প্রতি তিনি বিনীত আহ্বান জানান। তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার প্রধান দেশনায়ক তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই অভ্যুত্থানের সমস্ত কৃতিত্ব একমাত্র জনগণের।
শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে জহির উদ্দিন স্বপন বলেন, যারা প্রাণ দিয়ে ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে গেছেন, তাদের সেই পথ অনুসরণ করতে হলে এমন বালখিল্যতা পরিহার করতে হবে। তিনি জানান, সরকার প্রতিটি মুহূর্তে সব শক্তিকে সঙ্গে নিয়ে একটি অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে। দেশের বর্তমান পরিস্থিতিকে এক ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করে মন্ত্রী বলেন, সরকার গঠন, পার্লামেন্টের সক্রিয়তা এবং সরকার প্রধান তারেক রহমানের আন্তরিকতা ও চিন্তার মধ্যে একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে।
উক্ত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাজিদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাতের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ আলমোজাদ্দেদি আলফেছানী, অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও অধ্যাপক ড. আমিরুস সালাতসহ বিশিষ্টজনেরা।

