সাভারে পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

রাজধানীর সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ার হোসেন বকশী নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের আবাসিক এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মনোয়ার হোসেন বকশী সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় নেতা ছিলেন। তিনি সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিরাপত্তাকর্মী জাফর আলীর ছেলে।

নিহতের বাবা মুহম্মদ জাফর আলী জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল তাদের সরকারি কোয়ার্টারের ৪ তলায় তল্লাশি চালায়। এ সময় পুলিশ তার দুই ছেলে ও মেয়ের ঘরের নাতি শাহরিয়ার কবির সৌমিককে খুঁজছিল। তল্লাশির এক পর্যায়ে অভিযানের সঙ্গে থাকা এক পুলিশ সদস্য দ্রুত ছাদে উঠে যান। এর কিছুক্ষণ পরেই বাসার নিচে ভারী কিছু পড়ার শব্দ শোনা যায়। স্থানীয়রা ভবনের নিচে মনোয়ার হোসেন বকশীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার পর অভিযানে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, মিমি আকতার নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগে নিহতের ভাগনে শাহরিয়ার কবির সৌমিকের বিরুদ্ধে রংপুরের পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় মনোয়ার হোসেন বকশীও আসামি ছিলেন। পীরগাছা থানার এসআই মনোরঞ্জন বর্মন রিকুইজিশন নিয়ে সাভার মডেল থানায় আসলে, সাভার থানার একজন এসআইকে সাথে নিয়ে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। ওসি স্বীকার করেন যে, আসামি ছাদ থেকে লাফ দিলে তার মৃত্যু হয় এবং পীরগাছা থানার পুলিশ টিমের না বলে চলে যাওয়াটা ঠিক হয়নি।

নিহতের বাবা মুহম্মদ জাফর আলী এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার ছেলের মৃত্যুর বিচার দাবি করেছেন। এদিকে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত