বেঙ্গালুরুতে ডুপ্লেক্স বাড়ি থেকে নারীর কঙ্কাল উদ্ধার, মারা গেছেন এক বছর আগে

ভারতের বেঙ্গালুরুতে একটি ডুপ্লেক্স বাড়ি থেকে দক্ষায়িণী (৫২) নামের এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজ্যটির বাগালাগুন্টের হাভানুর লে-আউট এলাকায়। ধারণা করা হচ্ছে, প্রায় এক বছর আগে ওই নারীর মৃত্যু হয়েছিল এবং দীর্ঘ সময় ধরে তার মরদেহটি ঘরের ভেতরেই পড়ে ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক তদন্তের সূত্র ধরে পুলিশ জানিয়েছে, দক্ষায়িণী ওই ডুপ্লেক্স বাড়িতে একাই বসবাস করতেন। প্রায় ১০ বছর আগে তার স্বামী উমেশ মারা যান। এর কিছুদিন পর তাদের একমাত্র ছেলেও ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। স্বামী ও সন্তানের মৃত্যুর পর থেকেই তিনি তীব্র মানসিক বিষণ্নতায় ভুগছিলেন।

পুলিশ আরও জানতে পেরেছে যে, দীর্ঘ এই এক বছরের মধ্যে দক্ষায়িণীর মেয়ে কিংবা জামাতা কেউ ওই বাড়িতে আসেননি। ফলে তার মৃত্যুর বিষয়টি এতদিন অজানাই থেকে যায়। খবর পেয়ে বাগালাগুন্টে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই নারীর মৃত্যুর সঠিক কারণ ও চারপাশের পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

কন্টেন্ট: সংগৃহীত