আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও সংবিধান সংস্কারের মতো বিভিন্ন ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সর্বসম্মতভাবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এছাড়া ১১ দলীয় ঐক্যের রাজনৈতিক কর্মসূচি নিয়েও সভায় আলোচনা হয়েছে।

নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে বিরোধীদলের প্রার্থী কে হবেন তা নির্ধারণ করা হবে। উল্লেখ্য যে, বৈঠকে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত