মেটার সাথে বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন একাডেমি চালু করল লাইটক্যাসল

আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স বাংলাদেশে 'ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন একাডেমি' চালু করেছে। মেটার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত এই উদ্যোগের মূল লক্ষ্য হলো এআই ও ডিজিটাল টুল ব্যবহারের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো, ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা এবং নতুন বাজারে প্রবেশের পথ সুগম করা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এই কর্মসূচির আওতায় দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মেটার বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং এআই-চালিত টুল ব্যবহারের ওপর সরাসরি হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। লাইটক্যাসল পার্টনার্স কর্মশালা আয়োজন এবং বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করবে। প্রশিক্ষণের ফলে উদ্যোক্তারা নতুন গ্রাহকের কাছে পৌঁছানোর সক্ষমতা অর্জনের পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি ও বিপণন কার্যক্রমকে আরও জোরদার করতে পারবেন।

এশিয়া-প্রশান্ত অঞ্চলের ১২টি দেশে এই ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন একাডেমি পরিচালিত হবে। প্রাথমিকভাবে এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে এশিয়া-প্রশান্ত অঞ্চলের ১০ হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করা। প্রতিটি দেশের স্থানীয় বাজারের চাহিদা ও ব্যবসায়িক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই প্রশিক্ষণ কার্যক্রম সাজানো হয়েছে।

মেটার অ্যাসোসিয়েট পাবলিক পলিসি ম্যানেজার তেহারা পাঞ্চিহেওয়া বলেন, মেটার এআই-চালিত টুল ব্যবহার করে ছোট ব্যবসাগুলো যেভাবে গ্রাহকদের কাছে পৌঁছাচ্ছে এবং ব্যবসা সম্প্রসারণ করছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। একাডেমির লক্ষ্য হলো আরও বেশি উদ্যোক্তাকে এসব টুল আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক সহায়তা দেওয়া, যাতে তারা ডিজিটাল অর্থনীতিতে কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারে।

লাইটক্যাসল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম বলেন, এই অংশীদারত্বমূলক উদ্যোগের উদ্দেশ্য হলো উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ, গভীর দৃষ্টিভঙ্গি তৈরি এবং কাঠামোগত সহায়তা দেওয়া। এর মাধ্যমে তারা প্রতিযোগিতামূলক ও টেকসই ব্যবসা গড়ে তোলার পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন।